শ্রীলঙ্কার কাছে পরাজয়ের মধ্য দিয়ে এবারের এশিয়ান গেমসে নিজেদের হতাশার অধ্যায় সমাপ্ত করল বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে পাত্তায় না পেয়ে প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই আসর থেকে খালি হাতে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান গেমসের ইতিহাসে এর আগে ২০১০ সালের অভিষেকে স্বর্ণ, ২০১৪ সালে রুপা এবং সর্বশেষ ২০২৩ সালে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। তবে এবারের আসরে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছেও হেরে যাওয়ায় পদক তালিকায় বড় ধরনের শূন্যতা নিয়ে ফিরতে হচ্ছে দলকে।
মাত্র ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের চরম বিপর্যয় ঘটে। ইনিংসের শুরুতেই তানজিদ তামিম, সাঈফ হাসান ও লিটন দাস—কোনো রান না করেই সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী রাব্বী প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলের ইনিংস একশ রানের কোটা পার করতে বড় ভূমিকা রাখেন শেষ দিকে ব্যাট করতে নামা নাসুম আহমেদ। তার ২৬ রানের সুবাদে দলের সংগ্রহ দাঁড়ায় ১০২ রান।
এর আগে বল হাতে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। মাত্র ২১ রানে প্রতিপক্ষের চার উইকেট তুলে নিলেও পরবর্তীতে মিডল অর্ডারের দৃঢ়তায় ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। শেষ পর্যন্ত ৬৩ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

























