ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে বুর্কিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার রাতে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখায় লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচ শুরুর আগে চরম নাটকীয়তার মুখে পড়েছিল সফরকারী বুর্কিনা ফাসো। প্রথম চার্টার ফ্লাইট বাতিল হওয়ায় এবং মূল দলের খেলোয়াড়দের অনীহায় কোচ আমির আব্দোউ বাধ্য হয়ে অনূর্ধ্ব-২৩ দলের তরুণদের নিয়ে মরক্কো থেকে প্রায় সাড়ে ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। ম্যাচ শুরুর মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা আগে তারা আর্জেন্টিনার মাটিতে পৌঁছান।
দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ও চরম প্রতিকূলতার মধ্যে নামা দলটির বিপক্ষে চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। এর চার মিনিট পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
ম্যাচের ১২ মিনিটে তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নি নিজের প্রথম গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৩৫ মিনিটে নিকোলাস পাস এবং ঠিক এক মিনিট পর হুলিয়ান আলভারেস জাল খুঁজে নিলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে আলবিসেলেস্তেরা। ৫৭ মিনিটে বদলি নেমে দলের পক্ষে ষষ্ঠ গোল করেন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুওনো।
ইনজুরি টাইমের শেষ মুহূর্তে (৯০+৩ মিনিট) জিওভানি সিমিওনে ম্যাচের শেষ গোলটি করলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে দুই ম্যাচে কোনো গোল হজম না করে মোট ১১ গোল আদায় করে নিল স্কালোনির দল।

























