লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাং ও উঠতি বয়সের অপরাধীদের অপতৎপরতা দমনে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ৩ দিনের টানা যৌথ অভিযানে জেলাজুড়ে মোট ৫৪৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে মাত্র ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৯৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তি ও কিশোরদের তথ্য যাচাই-বাছাই এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পুলিশ নিশ্চিত করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত ও গ্যাং কালচার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং কিশোরদের নিজেদের দুটি পক্ষের মধ্যে গ্যাং তৈরি করে মারামারির মতো ঘটনা প্রায়ই ঘটছিল। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা পুলিশ নিজ নিজ এলাকার বিভিন্ন চিহ্নিত স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করে ৯৯ জনকে আটক করে। ৩ দিনের পুরো অভিযানে মোট আটক ৫৪৭ জনের প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে ৩৭৫ জনকে সতর্ক ও মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে অপরাধের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকায় ৭২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে সর্বশেষ আটক ৯৯ জনের বিষয়ে তথ্য যাচাই ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
অভিযানের উদ্দেশ্য ও অগ্রগতি নিয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, উঠতি বয়সী তরুণ ও কিশোরেরা যাতে কোনোভাবেই সামাজিক বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেই লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, কিশোর অপরাধ প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশের এই নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে এবং আটককৃতদের অপরাধে সম্পৃক্ততা নিখুঁতভাবে যাচাই-বাছাই করেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























