চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আন্তর্জাতিক অপারেটরের কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদনের পর এবার চট্টগ্রাম কনটেইনার টার্মিনালও (সিসিটি) আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সিসিটি পরিচালনার জন্য সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) ইজারা প্রদান ও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নৌপরিবহণ মন্ত্রণালয় ইনভেস্ট বাংলাদেশ অথরিটিকে (আইবিএ) আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সিসিটি, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে আরএসজিটিআই তাদের আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রস্তাবিত এই নিয়োগের মেয়াদ, আর্থিক শর্তাবলী কিংবা বিনিয়োগের বাধ্যবাধকতার বিশদ বিবরণ পরবর্তী পিপিপি ও কনসেশন প্রক্রিয়ায় চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ১৬ শতাংশ সম্পন্ন হয়েছিল সিসিটি টার্মিনালে।
আরএসজিটিআই ইতোমধ্যে ২০২৪ সাল থেকে ২২ বছরের চুক্তিতে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করে আসছে। এর আগে এনসিটি পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের নীতিগত অনুমোদন পাওয়ার পর এবার সিসিটি পরিচালনায় আরএসজিটিআইকে সুপারিশ করায় চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনালই বৈশ্বিক প্রখ্যাত অপারেটরদের নিয়ন্ত্রণে যাওয়ার বিষয়টি গতি পেল।


























