রাজধানীর গুলশানে বন্ড সুবিধার অপব্যবহার করে অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল দুটি। তবে সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত ভবনের বাইরে আরও দুটি অননুমোদিত ভবন ব্যবহার করে মোট চারটি ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুত করে রেখেছিল।
অননুমোদিত এসব ওয়্যারহাউস থেকে বন্ড সুবিধায় আনা শুল্কমুক্ত পণ্যের অবৈধ স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় আইনি অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।


























