পশ্চিমের সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটোকে পরমাণু হামলার প্রচ্ছদ হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ন্যাটো যদি বাল্টিক সাগরীয় রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো প্রচেষ্টা চালায়, তবে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রসহ তাদের সমগ্র অস্ত্রভান্ডার ব্যবহার করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি কূটনৈতিক নথির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বুধবার প্রেরিত ওই কূটনৈতিক স্মারকে দাবি করা হয়, ন্যাটো কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্য মস্কোর হাতে রয়েছে। এর প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান যে ন্যাটো একটি পুরোপুরি প্রতিরক্ষামূলক জোট। তিনি রাশিয়াকে এ ধরনের পারমাণবিক হুমকি প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মস্কোর ওই নথিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। তবে রুটে হুমকিটির গুরুত্ব কিছুটা খাটো করে উল্লেখ করেন যে, পুতিন ভালোভাবেই জানেন ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে তিনি জয়ী হতে পারবেন না।
উল্লেখ্য, পোল্যান্ড ও লিথুয়ানিয়া—এই দুই ন্যাটো সদস্য দেশের মাঝে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিচ্ছিন্ন ভূখণ্ড। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই অঞ্চলটি রাশিয়ার একটি প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়, যেখানে রুশ বাল্টিক নৌবহর এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন রয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই এই অঞ্চলে পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে নিরাপত্তা উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।























