রাজধানীর নয়াপল্টন এলাকায় অজ্ঞাত একটি যানের ধাক্কায় মিজানুর রহমান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে পল্টন থানার গাজী শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত মিজানুর রহমানের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায় হলেও তিনি নয়াপল্টন বিএনপি পার্টি অফিস এলাকায় থাকতেন। সিআইডির ফরেনসিক দলের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের খোঁজে পুলিশ কাজ করছে।


























