ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার ও দ্রুত এগিয়ে নিচ্ছে বলে দাবি করেছে ইসরাইল। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ইসরাইলি এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দেওয়া ওই তথ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামের পাহাড়ি এলাকায় নতুন কিছু নির্মাণকাজের বিবরণও ছিল। ধারণা করা হচ্ছে, তেহরান তাদের স্থগিত থাকা পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করতে এই স্থানটিকে ব্যবহার করছে। তবে ওই নির্দিষ্ট স্থানে বর্তমানে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।























