চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাঁশবোঝাই একটি স্থানীয় যানের (আলমসাধু) ধাক্কায় গুরুতর আহত কার্তিক আলী (৬৫) নামের এক মৌসুমি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার বিকেলে উপজেলার রোয়াকুলি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
নিহত কার্তিক আলী আলমডাঙ্গা পশুহাট এলাকার ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে আলমডাঙ্গায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট পারাপারের সময় একটি বাঁশবোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে আসে। এ সময় গাড়িটির বাঁশ ওই ব্যবসায়ীর পেটে ও পায়ে ঢুকে গেলে তিনি গুরুতর জখম হন।
আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হলেও শেষরক্ষা হয়নি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


























