সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস-মীমাংসা করেছেন নিহত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপস-মীমাংসার পর কারাগারে থাকা প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলেও আদালত সংসদ সদস্য গাজীর জামিন নামঞ্জুর করেছেন।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দাখিল করেন মরিয়মের বাবা। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানিপর্বে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন এবং একইসঙ্গে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে পাঠানো হয়েছিল। রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ন্যাম ভবনের ফ্ল্যাটে প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে থাকতেন এই সংসদ সদস্য এবং দ্বিতীয় স্ত্রীকে বারান্দায় রাত কাটাতে হতো। গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরই নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে।


























