আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের জন্য কয়েকদিন আগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সূচি প্রকাশ করেছিল, তবে ভেন্যু নির্ধারণ বাকি ছিল। এবার সেটিও চূড়ান্ত করা হয়েছে। আগামী ৯ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে বাংলাদেশ। জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিতব্য ওই সিরিজের ভেন্যুও প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি ম্যাচ আবু ধাবিতে এবং শেষ ম্যাচটি শারজাহতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ২৩ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে।
টেস্ট সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিনের ওই ম্যাচটি ৪ অক্টোবর দুবাইতে শুরু হবে। সিরিজ শেষে আগামী ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের।
বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সফরের পূর্ণাঙ্গ সূচি:
- ৪-৫ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই
- ৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবু ধাবি
- ১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবু ধাবি
- ১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবু ধাবি
- ২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
- ২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ

























