বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা এবং আইবিআরডির পরিচালক পদে নিজেদের প্রার্থী নীলকান্ত মিশ্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থন চেয়েছে নয়াদিল্লি। ভারতের অর্থ ও করপোরেটবিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামান সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে এই সমর্থন প্রত্যাশা করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাংকের প্রধান অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (আইবিআরডি) এবং মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) নির্বাহী পরিচালক ও পরিচালক পদগুলোতে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় ভারতের মনোনীত প্রার্থী নীলকান্ত মিশ্রের পক্ষে বাংলাদেশ ইতিবাচক ও সর্বাত্মক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ভারত সরকার।
উল্লেখ্য, মিগা উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাজনৈতিক ঝুঁকি বীমা বা গ্যারান্টি দিয়ে থাকে। এর আগে বাংলাদেশের সমর্থনে ভারতের পরমেশ্বরণ আয়ার ২০২৪ সালে এই নির্বাচনি এলাকা থেকে আইবিআরডির নির্বাহী পরিচালক এবং মিগার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।























