ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর আগের সামরিক ও প্রচারণামূলক প্রস্তুতি দেখে বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস পাওয়া গিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। তাঁর মতে, পরবর্তী ঘটনাবলি প্রমাণ করেছে যে ইরান একটি অত্যন্ত স্থিতিস্থাপক ও শক্তিশালী রাষ্ট্র। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মসমালোচনা’ শীর্ষক সেমিনারে সোফিয়া কুতেপোভা বলেন, ইরানের বিরুদ্ধে এই আক্রমণের আগে থেকেই বিরাট সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। সংঘাত শুরুর ঘটনায় রাশিয়া গভীরভাবে মর্মাহত হয়েছে উল্লেখ করে তিনি চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনায়ও গভীর শোক প্রকাশ করেন।
ইরানের সক্ষমতা মূল্যায়ন করে রুশ দূতাবাসের এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ইরানকে আরেকটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেনি। মার্কিন প্রত্যাশার চেয়ে ইরান অনেক বেশি শক্তিমত্তার পরিচয় দিয়েছে। ভবিষ্যৎ সাংবাদিকদের উদ্দেশে তিনি পেশাগত অভিজ্ঞতা শেয়ার করে জানান যে, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং সঠিক তথ্য প্রচারে ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের কোনো বিকল্প নেই।























