পিরোজপুরে এক গৃহিণীকে হত্যার দায়ে জেলা ও দায়রা জজ আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আজ সোমবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের মো. ইমরান এবং তার বোন জোস্না বেগম।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত জোস্না পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু, যিনি জোস্নার স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল। ২০১৮ সালের ২৪ নভেম্বর জোস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা কাটাকাটি হয়।
সেই প্রতিশোধ নিতে পরের দিন, অর্থাৎ ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজু ও জোস্নার ভাই ইমরান ওই বাড়িতে ঢুকে মাকসুদাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছিল। আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, গৃহিণী মাকসুদা হত্যার সঙ্গে জড়িত তিনজনই তাদের প্রাপ্য সাজা পেয়েছেন।


























