নব্বই দশকের গ্রামীণ বিয়ের আবহে লাল শাড়ি ও শাঁখা-পলায় দেখা গেল অভিনেত্রীকে; ভক্তদের কৌতূহল মিটিয়ে জানালেন চরিত্রের প্রয়োজনেই এই সাজ।
অভিনয়ের পর্দায় এখন অনেকটাই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত নানা ছবি, ভিডিও এবং ব্যক্তিগত খবরাখবর শেয়ার করার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের যোগাযোগ বজায় রাখেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তিনটি ছবি শেয়ার করেন প্রভা। প্রকাশিত ওই ছবিগুলোতে তাকে বিয়ের আসরে নববধূর সাজে দেখা গেছে। পরনে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলাসহ সনাতন ধর্মীয় রীতির কনের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে দেখা যায়, বাড়ির উঠানে বিয়ের আসর সাজানো হয়েছে। ওপরে টাঙানো রঙিন কাগজের ঝালর ও কলাগাছসহ আশপাশের নানা উপকরণে ফুটে উঠেছে নব্বইয়ের দশকের গ্রামীণ বিয়ের আনুষ্ঠানিকতার আবহ।
আকস্মিকভাবে প্রভাকে এমন কনের সাজে দেখে ভক্তদের মনে কৌতূহল জাগে—তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী? অবশ্য ছবির ক্যাপশনেই বিষয়টি কিছুটা স্পষ্ট করেছেন তিনি।
ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
অভিনেত্রীর এমন কথা থেকে সহজেই অনুমান করা যায় যে, মূলত নতুন কোনো চরিত্রের প্রয়োজনেই কনের সাজে সেজেছেন তিনি। তবে ঠিক কোন নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য তার এই সাজ, সে বিষয়ে এখনো কিছু জানাননি প্রভা।
অন্যদিকে, সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত নতুন দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার সিংহভাগ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ নামের অপর একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

























