যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে সাময়িক কার্যকর থাকা ইসলামাবাদ সমঝোতা স্মারকে (এমওইউ) ওয়াশিংটনের ফিরে যাওয়ার পক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে অবস্থান নিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বাণীতে পেজেশকিয়ান জানান, ইসলামাবাদ সমঝোতায় ফিরে আসার বিষয়ে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব ধরনের মতপার্থক্য দূর করার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট যে দায়িত্বশীল ও বিচক্ষণ সমর্থন জানিয়েছেন, তিনি তার পূর্ণ প্রশংসা করেন। ইরানও একই কূটনৈতিক দৃষ্টিভীতিতে বিশ্বাস করে বলে জানান তিনি।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, পূর্বনির্ধারিত প্রতিশ্রুতিগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং অর্থবহ ও ফলপ্রসূ আলোচনার পথ সুগম করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। দুই দেশের মধ্যকার যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সংলাপ ও পারস্পরিক কূটনীতিকেই একমাত্র সঠিক পথ বলে উল্লেখ করেন তিনি।
এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে ইসলামাবাদ এমওইউতে ফিরে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, এই সমঝোতার মাধ্যমেই এর আগে দুই দেশের সংঘাত থামিয়ে পরবর্তী আলোচনার একটি মজবুত কাঠামো তৈরি করা হয়েছিল, যদিও পরবর্তীতে তা ভেঙে গিয়ে নতুন উত্তেজনার সৃষ্টি করেছিল।























