ইসলামোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা এবং বিশেষ করে পাকিস্তানের পার্শ্ববর্তী দেশগুলোতে এর বিস্তার রোধে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে শাহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবকে পাকিস্তানের নিকটবর্তী অঞ্চলে ইসলামবিদ্বেষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, এই নেতিবাচক প্রবণতা ঠেকাতে বৈশ্বিক পর্যায়ে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
এ ছাড়া ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান, আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ এবং চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় পাকিস্তানের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন পাক প্রধানমন্ত্রী।























