ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের নমনীয়তা দেখাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি মেনে নিলেও তেহরান পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না বলে শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।
ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর, নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছেন তারা। তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মতো বিষয়ে তেহরান কোনো ছাড় দিতে নারাজ।























