গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ-পশ্চিমের কিকউইত শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা করার পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি। পরে কোয়াঙ্গো প্রদেশের কেনগে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা চালালে এই দুর্ঘটনা ঘটে।
কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্ডা জানান, কেনগে এলাকায় কোনো রানওয়ে না থাকায় বিমানটি বাধ্য হয়ে একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে। কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে নিশ্চিত করেছেন যে দুর্ঘটনায় বিমানে থাকা ১৪ জনের সবাই মারা গেছেন। এদের মধ্যে ১২ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে।
সামরিক সূত্র জানায়, নিহতদের তালিকায় সাধারণ নাগরিক ছাড়াও দুই জন জেনারেলের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং বেশ কয়েকজন সামরিক কর্মী রয়েছেন।























