দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু আন্তর্জাতিক অঙ্গনে নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং ঘোষণা দিয়েছেন, এখন থেকে তাদের সরকারি পরিচয় হবে ‘নাওয়েরো’। ঔপনিবেশিক প্রভাব থেকে বেরিয়ে নিজেদের ঐতিহ্য ও স্থানীয় পরিচয়কে সামনে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট আদিয়াং বলেন, দীর্ঘ সময় বিভিন্ন দেশের ঔপনিবেশিক শাসনের অধীনে থাকলেও স্থানীয় জনগণ নিজেদের মধ্যে কখনো ‘নাউরু’ নামটি ব্যবহার করেননি। বিদেশিদের উচ্চারণের সুবিধার্থে এতদিন এই নামের প্রচলন ছিল।
নাম পরিবর্তনের পাশাপাশি দেশটির আন্তর্জাতিক কোড ‘NRU’ থেকে বদলে ‘NRO’ করা হচ্ছে। একই সঙ্গে নাগরিকদের ‘নাউরুন’ না বলে ‘দেই-নাওয়েরো’ নামে উল্লেখ করা হবে। প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্তের লক্ষ্য অতীতকে অস্বীকার করা নয়, বরং নিজেদের শিকড়কে সম্মান জানানো।
উল্লেখ্য, এর আগে বিশ্বের বিভিন্ন দেশ ঔপনিবেশিক পরিচয় থেকে বেরিয়ে নিজেদের জাতীয় পরিচয় তুলে ধরতে নাম পরিবর্তন করেছে। যার মধ্যে সোয়াজিল্যান্ডের নাম এসোয়াতিনি এবং রোডেশিয়ার পরিবর্তে জিম্বাবুয়ে নামকরণের ইতিহাস রয়েছে।























