ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশকে শীঘ্রই চারটি পৃথক রাজ্যে বিভক্ত করা হতে পারে বলে দাবি করেছেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ও উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর। আম্বেদকর নগরে আয়োজিত এক জনসভায় তিনি জানান, প্রস্তাবিত পূর্বাঞ্চল রাজ্য গঠিত হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী হবেন রাজভর সম্প্রদায়ের কেউ।
রাজভর দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার এই বিষয়ে আলোচনা হয়েছে এবং জাতিভিত্তিক শুমারি শেষ হওয়ার পর রাজ্য বিভাজনের প্রক্রিয়া শুরু করার আশ্বাস পাওয়া গেছে। তার মতে, উত্তর প্রদেশ ভেঙে চারটি নতুন রাজ্য—পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড এবং হাড়িত প্রদেশ গঠিত হবে।
উল্লেখ্য, উত্তর প্রদেশকে বিভাজনের এই দাবি দীর্ঘদিনের। ২০১১ সালে তৎকালীন মায়াবতী সরকার রাজ্য বিধানসভায় বিভাজনের প্রস্তাব পাস করলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অভাবে তা কার্যকর হয়নি। রাজভরের এই সাম্প্রতিক বক্তব্যে ভারতের রাজনৈতিক অঙ্গনে পুনরায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।























