এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে গেলেও শেষ পর্যন্ত কোর্টে নামা হলো না থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন তারকা পিচামন ওপাটনিপুথের। ডোপ টেস্টে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি মেলায় ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)। এর ফলে গেমসের কোনো ইভেন্টেই তিনি আর অংশ নিতে পারছেন না।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা পিচামনের শরীর থেকে সংগৃহীত নমুনায় ‘ফুরোসেমাইড’ নামক নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। সাধারণত ওজন কমানোর জন্য এই ওষুধ ব্যবহৃত হলেও ক্রীড়াক্ষেত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ। মঙ্গলবার চীনের বিপক্ষে দলীয় ইভেন্টে তার খেলার কথা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তিনি অনুশীলন বা কোচিং সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।
আইটিএ জানিয়েছে, পিচামন চাইলে এই সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করতে পারবেন। এছাড়া তার সংরক্ষিত দ্বিতীয় নমুনা বা ‘বি’ স্যাম্পল পরীক্ষার অনুরোধ করার সুযোগও তার জন্য খোলা রয়েছে।

























