চট্টগ্রামের রাউজানে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত রায়হান আলম। সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
রায়হানের দাবি, একটি প্রতিপক্ষ গোষ্ঠী তাকে আইনি ও সামাজিকভাবে বিপদে ফেলতে এই ধরনের ছক কষছে এবং তার নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ‘সতর্ক বার্তা’ শিরোনামের ওই পোস্টে তিনি চট্টগ্রামের এসপি মাসুদ আলম এবং রাউজান থানার ওসির দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
ফেসবুক পোস্টে রায়হান উল্লেখ করেন, নোয়াপাড়া বা পূর্ব রাউজান এলাকায় রাতে ডিউটিরত পুলিশ সদস্যদের টার্গেট করা হতে পারে। তবে এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নথি উপস্থাপন করতে পারেননি। উল্টো তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


























