ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকিরুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি জাকিরুল হক তার ফেসবুক আইডিতে ধানের শীষে ভোট চাওয়া নিয়ে একটি আবেগপ্রবণ ও কিছুটা বিদ্রূপাত্মক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই। আপনাদের পা ধরি, আর এসএমএস বা কল দিয়েন না।’ বহিষ্কৃত ছাত্রদল নেতার দাবি, জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে তিনি এই পোস্ট দিয়েছিলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। জেলা ছাত্রদল সভাপতি আতিকুল ইসলাম সুমিল জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও সঠিক হয়েছে।


























