যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিপরীতে নতুন এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছেন, ইরানের নতুন এই সামরিক সক্ষমতা বিশ্ববাসীকে অবাক করে দেবে।
সংবাদমাধ্যম আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালায়, তবে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং পাল্টা আক্রমণের ধরনে ব্যাপক পরিবর্তন আসবে। যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি এবং সামরিক সরঞ্জামের ব্যবহারের ক্ষেত্রেও ইরান নতুন মাত্রা যোগ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নতুন এই সক্ষমতার মাধ্যমে ইরান এমন কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করেছে যা আগে কখনো করা হয়নি। ইরানের এই সামরিক হুংকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।























