মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান হাবিব ওরফে ‘কালা পাঁঠা হাবিব’-এর বিরুদ্ধে। রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, পর্যটকদের জিম্মি করে ছিনতাই ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে তার নামে।
সর্বশেষ গত ১০ নভেম্বর শ্রীমঙ্গলের রাধানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। ওই হামলায় হাসিবের বাঁ হাত গুরুতর জখম হয়। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হাবিবসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১৫ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দেওয়া হয়।
স্থানীয় সূত্রের মতে, ২০১৬ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তির পর থেকেই নানা অপরাধে জড়িয়ে পড়েন হাবিব। পরবর্তীতে তৎকালীন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর রাধানগর এলাকার রিসোর্ট, গেস্ট হাউস থেকে চাঁদা আদায় ও বালু উত্তোলনের চক্র গড়ে তোলেন। স্ত্রী নির্যাতন ও পর্নোগ্রাফির মামলাতেও তিনি ইতিপূর্বে কারাবাস করেছেন, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় মাদক ব্যবস্থার পাশাপাশি সশস্ত্র মহড়া দিয়ে আসছিলেন বলে স্থানীয়রা জানান।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু জানান, আসামি হাবিবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় একাধিক রাজনৈতিক দল।


























