সিআইডি ও এসবি কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরাসহ বিভিন্ন স্থানে রোববারের এই সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; বাসে আগুন দেওয়ার পাশাপাশি মোটরসাইকেলে এসে স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানী ঢাকায় রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, উত্তরা, ভাটারা, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও খিলক্ষেতসহ বিভিন্ন স্থানে এসব সহিংসতার ঘটনা ঘটে। এই ধারাবাহিক বিস্ফোরণ ও নাশকতায় পুরো রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর এবং নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে অন্তত নয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—রেজাউল করিম, সোহেল রানা ও নাজমুস সাদ।
এদিকে রবিবার সন্ধ্যায় ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া ভাটারা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।
রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এবং পরবর্তীতে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি উত্তরা পূর্ব থানা এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে, শেরেবাংলা নগরের পান্থপথ এবং খিলক্ষেত থানার পাশেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উত্তরা ও খিলক্ষেতের ঘটনায় সিসিটিভি ফুটেজ বা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে চড়ে এসে ‘জয় বাংলা’ বা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এসব বিচ্ছিন্ন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

























