রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিউগিন প্রপার্টিজের ভেতরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক ওই প্রপার্টিজ অফিসে প্রবেশ করে ভাঙচুর ও মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের গ্রেপ্তার করে। সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জমি কেনাবেচার আর্থিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।


























