জমিদারি প্রথা ও রাজকীয় শাসনের জৌলুস বিলুপ্ত হলেও কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী ও এর চারপাশের প্রাচীন স্থাপনাগুলো। ইতিহাস, ঐতিহ্য ও অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন দেখতে প্রতিদিন দেশ-বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী এখানে ভিড় জমান। পুঠিয়া রাজবাড়ী কেবল একটি প্রাসাদ নয়, এটি বাংলার জমিদারি শাসন, ধর্মীয় সংস্কৃতি ও স্থাপত্যরীতির এক সমৃদ্ধ অধ্যায়।
ইতিহাসের তথ্য অনুযায়ী, মোগল সম্রাট আকবরের শাসনামলে পীতাম্বর নামক এক ব্যক্তির হাত ধরে পুঠিয়া রাজবংশের উত্থান ঘটে। রাজবাড়ীটিকে বহিরাগতদের আক্রমণ থেকে রক্ষা করতে চারপাশে শিবসাগর, গোবিন্দসাগর, রাধাসাগর, মরাচৌকি ও ইলা দিঘি নামের পাঁচটি পরিখা খনন করা হয়েছিল। পরবর্তীতে সৌন্দর্য বাড়াতে শ্যামসাগর দিঘিও তৈরি করা হয়। ১৭৪৪ সালে রাজবাড়ীর জমিদারি চার ভাগে বিভক্ত হলে বিভিন্ন অংশের দায়িত্ব পান আলাদা জমিদারেরা। এর মধ্যে পাঁচআনি ও চারআনি অংশ ছিল বিশেষ উল্লেখযোগ্য। রাজা নরেন্দ্রনারায়ণ পাঁচআনি অংশের দায়িত্বে ছিলেন। পরে তাঁর ছেলে জগন্নীতি বা জগন্নারায়ণ রাজা হন এবং তাঁর মৃত্যুর পর স্ত্রী রানি ভুবনময়ী দেবী দায়িত্ব নেন। এই রানির আমলেই ১৮২৩ সালে বিখ্যাত শিবমন্দিরটি নির্মিত হয়।
রাজপরিবারের ইতিহাসে মহারানি হেমন্তকুমারী দেবীর অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি ১৮৯৫ সালে শাশুড়ি মহারানি শরৎসুন্দরী দেবীর স্মরণে বর্তমান পুঠিয়া রাজবাড়ীটি পুনর্নির্মাণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর রাজপরিবারের রাজনৈতিক প্রভাব কমতে থাকে এবং ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে এই শাসনের অবসান ঘটে। প্রায় ৪.০১ একর জমির ওপর নির্মিত এই ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রাসাদটিতে ১২টি কক্ষ, পেটিও, নকশাদার কাঠের সিঁড়ি ও বৈচিত্র্যময় অলংকরণ রয়েছে।
রাজবাড়ির আশপাশে থাকা বড় শিবমন্দির, জগৎ মন্দির, দোলমন্দির, গোবিন্দ মন্দিরসহ নানা ঐতিহাসিক স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ২০১৫ সাল থেকে রাজবাড়ীর সংস্কারকাজ শুরু হওয়ার পর ২০২১ সালে তা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এটি ঐতিহ্য চর্চার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।


























