দেশে ফেরার দিন ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্মীয় তাৎপর্যপূর্ণ বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
ক্ষমতা আল্লাহর ইচ্ছাধীন—এই বিশ্বাস তুলে ধরে ফেসবুকে একটি ধর্মীয় তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দিন দেওয়া এ পোস্ট রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাঁর থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন,
‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’
এর আগে, যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পথে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন তিনি। বৃহস্পতিবার ভোর ৫টা ১৫ মিনিটে দেওয়া প্রথম পোস্টটির শিরোনাম ছিল ‘ফেরা’, যেখানে নিজের একটি ছবি যুক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব পোস্টকে রাজনৈতিক ও ধর্মীয়—দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে ক্ষমতা ও শাসনব্যবস্থাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে যুক্ত করে দেওয়া এই বক্তব্য চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে বলে আলোচনা চলছে।
















