ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন এবং গাজায় মানবিক সহায়তার সমর্থনে আয়োজিত তিন দিনের ‘ফ্রি প্যালেস্টাইন’ সফর সফলভাবে শেষ করেছেন মার্কিন সংগীতশিল্পী ম্যাকলমোর। লন্ডনের ওভিও অ্যারেনা ওয়েম্বলিতে অনুষ্ঠিত শেষ কনসার্টটিতে বিপুল সংখ্যক দর্শক অংশ নেন।
ডাবলিন, প্যারিস ও লন্ডনে আয়োজিত এই কনসার্টগুলোর টিকিট অল্প সময়েই শেষ হয়ে যায়। আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কর্মরত ১২টি সংগঠনের তহবিলে জমা দেওয়া হবে। গাজায় চলমান মানবিক সংকটের মুখে নীরব থাকা সম্ভব নয় উল্লেখ করে ম্যাকলমোর বলেন, গাজার শিশুদের সুরক্ষায় বিশ্ববাসীর এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কেবল দাতব্য সহায়তা নয়, ফিলিস্তিনের সংকট নিরসনে প্রকৃত রাজনৈতিক পরিবর্তন অত্যন্ত জরুরি।























