চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো সুস্পষ্ট ও সুসংগত নীতি তৈরি করতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য সরকার। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার এই প্রবণতার ফলে দেশটির বাণিজ্যিক স্বার্থ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে বলে ব্রিটিশ পার্লামেন্টের এক তদন্ত প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। হাউস অব কমন্সের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্যবিষয়ক বিশেষ কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকারের চীনসংক্রান্ত নীতির কারণে একদিকে যেমন ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সুযোগ নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সময়মতো সঠিক কৌশল ঠিক করা না হলে অন্য পরাশক্তিগুলো যুক্তরাজ্যের বাণিজ্য নীতি নির্ধারণ করে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।























