ভারতের আসামের ধুবড়ি জেলায় বাঙালি মুসলিম অধ্যুষিত একটি গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এর ফলে প্রায় সাড়ে পাঁচ শ পরিবার গৃহহীন হয়ে পড়েছে, যাদের অধিকাংশই বাঙালি মুসলিম। আলমগঞ্জের নবম ব্লকে প্রায় সাড়ে ছয় শ বিঘা জমির ওপর গড়ে ওঠা ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে অর্ধশতাধিক বুলডোজার ব্যবহার করা হয়।
রোববার সকাল থেকেই কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ওই এলাকায় প্রায় চার হাজার মানুষ বসবাস করতেন। উচ্ছেদ চলাকালে স্থানীয় বাসিন্দারা একটি স্থানীয় মাজারে প্রার্থনা করেন এবং তা ভাঙার প্রচেষ্টার প্রতিবাদ জানান। ধুবড়ি জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং আদালতের নির্দেশনার আলোকেই এই জমি খালি করার প্রক্রিয়া চলছে।
প্রশাসনের দাবি, উচ্ছেদ শুরুর আগেই সিংহভাগ বাসিন্দা নিজেদের মালামাল নিয়ে এলাকা ছেড়ে চলে যান। তবে কিছু পরিবার আইনি লড়াইয়ের অংশ হিসেবে আদালতে আবেদন করেছে। এদিকে আসামের বিভিন্ন অঞ্চলে এই ধরনের ধারাবাহিক উচ্ছেদ অভিযান নিয়ে মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।























