এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের জয়ের রাতে মাঠের বাইরে বড় ধরনের চুরির শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও। রিয়াল ও বার্সেলোনার ম্যাচ চলাকালীন সময়ে তাঁর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে দামি ঘড়ি, ব্যাগ, গয়না এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ ইউরোর সম্পদ চুরি হয়েছে, যার বাংলাদেশি মুদ্রায় পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্যানুযায়ী, গত মৌসুমের প্রথম এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে চোরেরা প্রবেশ করে। এরপর শোবার ঘর তছনছ করে তারা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে দুটি দামি রোলেক্স ও রিচার্ড মিল ঘড়ি, শ্যানেল ব্যাগ এবং কার্টিয়ারের বিভিন্ন গয়না ও আংটি।
ঘটনার সময় ফুটবলারের পরিবারের সদস্যরা বাড়ির নিচতলায় বসে টেলিভিশনে খেলা দেখছিলেন, যে কারণে চোর প্রবেশের বিষয়টি তাঁদের নজরে আসেনি। উল্লেখ্য, চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরলেও ওই ম্যাচে তিনি ডাগআউটে বসে সতীর্থদের জয় উপভোগ করেছিলেন। স্পেনে তারকা ফুটবলারদের বাড়িতে এ ধরনের চুরির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকজন ফুটবলার এমন অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছেন।

























