স্পেনের টোলেডো শহরের কাছে দুটি দ্রুতগামী (হাই-স্পিড) ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্পেনের সরকারি সূত্রগুলো জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটে মোরা, ওরগাজ এবং উরদা গ্রামের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘রেনফে’-এর একটি ‘এভিই’ ট্রেন বেসরকারি অপারেটর ‘আইরিও’-এর অপর একটি ট্রেনের পেছনে আঘাত করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রেনফে ট্রেনের ৩৯৭ জন এবং আইরিও ট্রেনের ১৪৭ জন যাত্রীসহ মোট ৫৪৪ জন যাত্রী ট্রেন দুটিতে ছিলেন।
সংঘর্ষের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার তৎপরতা চালাতে দমকলকর্মী, ১৬টি অ্যাম্বুলেন্স এবং ৩টি হেলিকপ্টার পাঠিয়েছে জরুরি সেবা বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় আঞ্চলিক সরকার জরুরি অবস্থা জারি করেছে। এই দুর্ঘটনার পর থেকে রাজধানী মাদ্রিদের সঙ্গে আন্দালুসিয়া অঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’-এ দেওয়া এক বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, পরিবহন মন্ত্রী এবং কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রধানের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও হতাহতদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা ও সমর্থন প্রকাশ করেছেন তিনি।























