পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স নিয়ে মন্তব্য করে তাকে নির্বাচনে না দাঁড়িয়ে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুর আসনটি নিজের কাছে রাখার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পাশাপাশি, নথি চুরির চেষ্টা সংক্রান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি।
বিধানসভায় বিজেপির বিজয়ী দুই প্রার্থী হাসিরানি রথ ও শাখারভ সরকার বিধায়ক পদে শপথ নেন। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু বিভিন্ন বিষয়ে কথা বলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়ে ভবানীপুর ধরে রাখেন।
ভবানীপুর আসন নিজের কাছে রাখার পেছনে যুক্তি হিসেবে শুভেন্দু জানান, আসনটি ছেড়ে দিলে মমতা আবার প্রার্থী হওয়ার সুযোগ পেতেন। সেই সুযোগ তিনি দিতে চাননি। মমতার নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, যিনি দুবার তার কাছে হেরেছেন, তাকে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়াই সমীচীন। মমতার বয়স প্রায় ৭৫ বছর উল্লেখ করে শুভেন্দু বলেন, এই বয়সে তার বিশ্রাম নেওয়া উচিত।























