কানাডায় ভালো চাকরি ও স্থায়ী বসবাসের প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে শারীরিক নির্যাতন ও শ্রম শোষণের অভিযোগে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কানাডীয় গণমাধ্যম সিবিসি নিউজ ও সিটিভি জানায়, সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুনের একটি প্রাদেশিক আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে মাসুমকে মানব পাচার ও যৌন নির্যাতনের তিনটি অভিযোগে এবং হায়দারকে মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী বাংলাদেশে ১৮ বছর সরকারি চাকরি করার পর কানাডায় রেস্তোরাঁয় কাজ ও স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার আশায় দেশটিতে যান। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত তাকে সাসকাচুয়ানের দুটি রেস্তোরাঁয় সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয়। তাকে সঠিক মজুরি দেওয়া হয়নি এবং পাসপোর্ট আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয়।
পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার সহায়তায় ওই নারী শোষণের পরিবেশ থেকে বেরিয়ে এসে আইনি পদক্ষেপ নেন। সাজাপ্রাপ্তদের কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগী নারীর বকেয়া মজুরি বাবদ মাসুমকে ১২ হাজার ২২৬৮ কানাডীয় ডলার এবং হায়দারকে ৫ হাজার ৮৮৫ ডলার ১৬ সেন্ট পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।


























