মানিকগঞ্জের সিংগাইরে সুশীল সরকার (৬৮) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা চাকুলিয়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুশীল ওই এলাকার মৃত সুধন্য সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর তিনি এ ঘটনা ঘটান। খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, বসতঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


























