নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে অস্ত্রের মুখে এক ব্যক্তিকে জিম্মি করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম ফারুক আহমেদ (৪৭)। তিনি রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন এলাকার বাসিন্দা। জানা গেছে, নরসিংদীর মাধবদী থেকে নিজস্ব মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পুরিন্দা এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী রামদা উঁচিয়ে তার গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা ফারুক আহমেদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও দুটি দামি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।


























