নেত্রকোনার সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, আবুল কালাম ও তানভীর হায়াত খানসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক আলিফের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিহতের পরিবারকে পুনর্বাসন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লুৎফর জামান ফকির আলিফ। তিনি ‘রূপসীবাংলা’ নামের একটি আইপি টিভিতে কর্মরত ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিক্যাল’ নামের একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজ পরিচালনা করতেন।


























