জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধনে দলটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, বর্তমান বিএনপি সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দেবে এমন আশা ক্ষীণ, তাই ‘সর্বদলীয় জুলাই সনদ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ গড়ে তোলা আবশ্যক হয়ে পড়েছে।
নাঈম আহমাদ অভিযোগ করে বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, সরকারে এসে বিএনপি তার অনেকগুলোই এড়িয়ে যাচ্ছে এবং প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও এ নিয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। তিনি উল্লেখ করেন, সনদের বিধান অনুযায়ী সংসদের চারটি স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার কথা থাকলেও জামায়াত মাত্র একটি পদ নিয়েই সন্তুষ্ট রয়েছে এবং বাকি পদগুলো সরকার নিজেদের হাতে রেখেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতার প্রণীত আইন বাস্তবায়নেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না দাবি করে তিনি বলেন, সনদের ৩৯ নম্বর ধারায় এবং সংবিধানে ন্যায়পাল নিয়োগের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এমনকি ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ন্যায়পাল আইন পাস হলেও বর্তমান সরকার তা কার্যকর করছে না। জুলাই সনদ পুরোপুরি কার্যকর হলে দলীয় স্বার্থ রক্ষা সম্ভব হবে না বলেই সরকার এটি বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


























