১১ দলীয় ঐক্যের ব্যানারে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াত কার্যালয়সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ৭ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। তিনি স্পষ্ট করেন যে এই কর্মসূচি কোনো সরকার পতনের আন্দোলন নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায় এবং নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের জন্য পরিচালিত হচ্ছে। তাঁদের দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জ্বালানি ও কৃষি সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।
ব্রিফিংয়ে দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের ধারাবাহিকতায় এবার তৃতীয় ধাপের এই কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের পর এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে।


























