অক্টোবর মাস বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং ঐতিহাসিক ঘটনার স্মৃতি বহন করে। এই মাসে বাংলা সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র ও সাংবাদিকতার বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তিত্বের জন্ম ও প্রয়াণ ঘটেছিল।
১১ অক্টোবর ১৮৭১ সালে বাংলা সাহিত্যের ইতিহাস আবিষ্কারক আবদুল করিম সাহিত্যবিশারদ জন্মগ্রহণ করেন। মধ্যযুগের বাংলা কবিতা সংগ্রহ, সম্পাদনা ও সংরক্ষণে তার ভূমিকা অনস্বীকার্য। একই দিনে ১৯২১ সালে কথাসাহিত্যিক নীলিমা ইব্রাহিম জন্মগ্রহণ করেন, যিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৯১ সালের এই দিনে লেখক গোলাম সামদানী কোরায়শীর মৃত্যু হয়, যিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
১২ অক্টোবর ১৯২৭ সালে চলচ্চিত্র প্রযোজক এহতেশাম হায়দার চৌধুরী এবং ১৯৫৫ সালে ঔপন্যাসিক হরিশংকর জলদাস জন্মগ্রহণ করেন। হরিশংকর জলদাস ২০১৯ সালে একুশে পদক লাভ করেন। ১৯৬০ সালের এই দিনে সংগীতশিল্পী হ্যাপী আখন্দের জন্ম হয়েছিল।
১৩ অক্টোবর ১৯৬৪ সালে কবি গোলাম মোস্তফার মৃত্যু হয়, যিনি ক্লাসিক সিরাতগ্রন্থ ‘বিশ্বনবী’-এর লেখক। ২০১৪ সালে বুদ্ধিজীবী পিয়াস করিম এবং ২০০৭ সালে সাংবাদিক ওবায়েদ উল হক মৃত্যুবরণ করেন। সাংবাদিকতায় অবদানের জন্য ওবায়েদ উল হক একুশে পদক লাভ করেন। ২০২০ সালের এই দিনে লেখক রশীদ হায়দারের মৃত্যু হয়, যিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেন। ১৯৮৭ সালে পরিচালক অমলেন্দু বিশ্বাসের মৃত্যু হয়, যাত্রাশিল্পে অবদানের জন্য তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন।
১৫ অক্টোবর ২০২৫ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক রকিব হাসানের মৃত্যু হয়, যিনি তার ‘তিন গোয়েন্দা’ ও ‘কিশোর মুসা রবিন’ সিরিজের জন্য পরিচিত। ১৯৫৫ সালের এই দিনে কবি ও সাংবাদিক হাসান হাফিজের জন্ম হয়, যিনি সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন এবং বর্তমানে জাতীয় প্রেস ক্লাব সভাপতির দায়িত্বে আছেন। ১৯৬৬ সালে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জাহেদ চৌধুরীর জন্ম হয়, যিনি বর্তমানে দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৬ অক্টোবর ১৯০৫ সাল একটি ঐতিহাসিক দিন, যখন পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশ আলাদা ‘প্রাদেশিক অধিকার’ লাভ করেছিল। ১৯৫৬ সালের এই দিনে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম হয়, যাকে ২০২৪ সালে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।
১৭ অক্টোবর ১৮৯০ সালে কবি ও দার্শনিক লালন শাহর মৃত্যু হয়, যার চিন্তা ও দেশজ সংগীত বিশ্বে বাংলাদেশের পরিচিতি তুলে ধরেছে। ২০২২ সালের এই দিনে নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মৃত্যু হয়, যিনি অভিনয় ও নাটকে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক লাভ করেন।


























