আরভি অ্যান্ড এফ কোরের প্রযুক্তি-গবেষণা ও ভবিষ্যৎ সক্ষমতা উন্নয়নে জোর— একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ
সাভারে বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় আরভি অ্যান্ড এফ কোরের গুরুত্ব তুলে ধরে পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভি অ্যান্ড এফ) কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার সাভারের আরভি অ্যান্ড এফ ডিপোতে অনুষ্ঠিত বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় এর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীর জটিল নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
আইএসপিআর জানায়, সম্মেলনে সেনাপ্রধানকে স্বাগত জানান নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক। অনুষ্ঠানে সেনাসদর, সাভার এরিয়া এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সাভার আরভি অ্যান্ড এফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতিতে মেজর জেনারেল আসাদুল হককে আরভি অ্যান্ড এফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।














