কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার একমাত্র সন্তান অপ্রতিমের মর্মান্তিক হত্যাকাণ্ডের উদাহরণ টেনে দেশের সকল বাবা-মাকে সন্তানদের চলাফেরা, বন্ধুসার্কেল ও গতিবিধির ওপর কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে অভিভাবক ও সমাজকে সচেতন হওয়ার তাগিদ দেন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজেও তাকে ঘাতক তুহিনের সঙ্গে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে। মূলত একটু সিনিয়র ক্লাসের বন্ধুদের সঙ্গে মেশার প্রবণতা এবং তুহিনদের আইফোনের লোভ ও বিভ্রান্তিকর কৌশলের কারণেই শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত আজ দেশের প্রায় প্রতিটি এলাকাতেই ছড়িয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
কিশোর গ্যাংয়ের এই অপসংস্কৃতি নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে যেকোনো সাধারণ পরিবারের সন্তানকেই এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে হতে পারে।
একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের সদস্য সংখ্যা যেমন পর্যাপ্ত নয়, তেমনি গত ১৬ বছরে এই বাহিনীগুলোকে দলীয়করণের মাধ্যমে দুর্বল করার ইতিহাসও রয়েছে। একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রসংগঠনের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড (যেমন ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন) এবং অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সামলিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। এই বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিকভাবে অসহযোগিতা না করে বরং সম্মিলিতভাবে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ওপর বিশেষ জোর দেন তিনি।


























