কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে চলে যাওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া-নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারসংলগ্ন এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডারসহ স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত আসা পুলিশ সদস্যরা হলেন—ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযানকালে এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করলে স্থানীয়দের সহায়তায় বিএসএফ তাদের আটক করেছিল। পরবর্তী সময়ে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।


























