সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার মেয়াদ বাড়ায় ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরটির সার্বিক কার্যক্রম বন্ধের সময়সীমা বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত তিনটা পর্যন্ত বাড়িয়েছে। ফলে কোনো অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবরের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি স্থগিত রাখা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুনর্নির্ধারিত ফ্লাইট ও নতুন সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির মুখে বাংলাদেশ থেকে রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল করা হয়। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন প্রাণ হারান এবং আহত হন তিন শতাধিক মানুষ।


























