ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
গত ১১ অক্টোবর রোববার বেলা পৌনে ১২টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ বাংলাদেশে আসে।
ওই দিন সকাল থেকেই বেনাপোল চেকপোস্ট ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এছাড়া সীমান্ত ও সংলগ্ন চেকপোস্ট এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা চোখে পড়ে।
দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর শনিবার মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা যান। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


























