গাইবান্ধার সাঘাটায় ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানার ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার ভরতখালী বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, যুবদল নেতার ওপর প্রকাশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন। অপরাধ দমনে স্থানীয় প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
উপজেলা যুবদলের আহ্বানকারী আহমেদ কবীর শাহিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় একাধিক বিএনপি নেতা বক্তব্য দেন। উল্লেখ্য, গত ৮ অক্টোবর সন্ধ্যায় সাঘাটা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহেল রানার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইটসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।


























