কক্সবাজারের উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের পালংখালী ইউনিয়ন শাখার সদ্য ঘোষিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিতে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত এ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের দাবি, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অনৈতিক লেনদেনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সদ্য ঘোষিত কমিটির আহ্বায়কসহ কয়েকজন নেতার বিরুদ্ধে মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ তুলে তারা পুরো কমিটি বাতিলের দাবি জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে বা অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























